কুমিল্লায় দেড় মাসে বিপুল মাদকদ্রব্য জব্দ গ্রেফতার ৪১৫

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৬

কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত গত দেড় মাসে এক টনের অধিক গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময়ে মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৮ দিনে জেলা পুলিশের অভিযানে ১ হাজার ৪৬ কেজি গাঁজা, ১৮ হাজার ৪১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার ৭০৫ বোতল ফেনসিডিল ও ৩১৭ লিটার দেশীয় তৈরি মদসহ নানান ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময়ে ৪১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত মাদকের বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ২০০ টাকা।