সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪০

সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সোমবার উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ শুরু হয়। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুন, রিসোর্স পার্সন জুলফিকার আলি মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ব স্কাউটস দিবস উদ্যাপিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা নানা আয়োজনে সোমবার পীরগঞ্জে বিশ্ব স্কাউটস দিবস উদ্যাপন করা হয়েছে। স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষ্যে পীরগঞ্জ স্কাউটের আয়োজনে শোভাযাত্রা, বৃক্ষ রোপণ, কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ওসি প্রদীপ কুমার রায় প্রমুখ।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৪তম বার্ষিক সাধারণ সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। ইউসিসিএ লিমিটেডের প্রশিক্ষণ হলে কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাবের মিয়ার সভাপতিত্বে ও সদস্য সনতোষ চন্দ্র সেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একিমিত্র চাকমা।

মাসব্যাপী হকি প্রশিক্ষণ সমাপ্ত

জয়পুরহাট প্রতিনিধি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অনুষ্ঠিত মাসব্যাপী হকি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে সোমবার। এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর উচ্চবিদ্যালয় খেলার মাঠে ২০২০-২১ অর্থবছরের ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস ৩৫ জন ছেলেমেয়েকে মাসব্যাপী এ হকি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন ক্রীড়া পরিদপ্তরের উপপরিচালক মো. নূরুল ইসলাম।

ভাষা আন্দোলনে আঞ্চলিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে রবিবার রাতে ভাষা আন্দোলনে আঞ্চলিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মির্জা আজম অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান আলোচক ছিলেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহ্ জামাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী ও একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম।

ঘাটাইলে কবিতা পাঠের আয়োজন

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষ্যে সোমবার ঘাটাইল বঙ্গবন্ধু কর্নার আয়োজিত শুদ্ধ উচ্চারণে বই পড়া এবং কবিতা পাঠের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু কর্নারের সভাপতি ও ঘাটাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হায়দার রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম লেবু। উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ড. মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র মো. শহীদুজ্জামান খান প্রমুখ।