আগামী ৬ মার্চ মোহামেডানের বহুল প্রতীক্ষিত নির্বাচন। গতকাল নির্বাচনের চূড়ান্ত ভোটার তালকাি প্রকাশ করা হয়েছে। এই তালিকায় আছেন অনেক নামিদামি তারকারা। ক্রিকেট তারকা সাকিব আল হাসান আছেন ভোটার তালিকায়। ক্রিকেটার সাকিবের নাম দেখা গেছে ৩১০ নম্বরে। যারা সদস্য তাদের নামই ভোটার তালিকায় উঠেছে। সাকিব মোহামেডানের সদস্য। সাকিব ভোটার হলেও আগামী ৬ মার্চ ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে আশঙ্কা আছে। কারণ তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। সেখানে তার স্ত্রী উম্মে আহমেদ শিশির সন্তানসম্ভবা। মোহামেডানের যখন নির্বাচন তখন সাকিব তৃতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষায় থাকবেন। সাকিব তার মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন স্ত্রীর পাশে থাকার জন্য।
লিমিটেড কোম্পানিতে রূপান্তর হওয়ার পর মোহামেডান ২১৩ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। এখানে যোগ হয় নতুন সদস্য ১২৯ জন। মারা গেছেন ১১ জন। সব মিলিয়ে ভোটার সংখ্যা ৩৩১ জন। নতুনরা ভোট দিতে পারবেন তবে নির্বাচন করতে পারবেন না। স্থায়ী সদস্যরাই ভোটার হয়েছেন। গতকাল প্রধান নির্বাচন কমিশনার রিয়াজুল কবির কাওছার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন। তবে সবচেয়ে গরম খবর হচ্ছে মোহামেডানের নির্বাচনে ভোটার আবাহনীর পরিচালক এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু পাপনই নয় এই তালিকায় আছেন আবাহনীর আরেক কর্মকর্তা বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। এছাড়াও ভোটার তালিকায় রয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ, টিভি অভিনেতা জাহিদ হাসান। বিসিবির পরিচালক মাহবুব আনাম মোহামেডানের সদস্য তাই তিনিও ভোটার। দুই বছর মেয়াদি পরিচালনা পর্ষদ ২০১৩ সালে মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি। আগামী ৪ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বিক্রি হবে। ১-৩ মার্চ মনোনয়নপত্র দাখিল এবং প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। একজন সভাপতি ও ১৬ জন পরিচালক পদে নির্বাচন হবে। ৫০ হাজার টাকা দিয়ে সভাপতি পদে এবং ১০ হাজার টাকা দিয়ে পরিচালক মনোনয়নপত্র কেনা যাবে।
