নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। ২ কোটি টাকায় টাইগারদের স্পন্সর হয়েছে প্রতিষ্ঠানটি। টিম স্পন্সর হিসেবে থাকছে ইভ্যালি ও কিট স্পন্সর ই-ফুড। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বিসিবি।
গতকাল বাংলাদেশ দলের স্পন্সর হিসেবে নাম ঘোষণার পর ইভ্যালিকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটিকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে ইভ্যালির প্রধান নির্বাহী মো. রাসেল বলেছেন, ‘আমাদের সুযোগ করে দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ। ইভ্যালি শুরু থেকেই ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিল। সবসময় থাকবে। আমরা এখানে আসতে পেরে গর্বিত।’ অনুষ্ঠানে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন, চিফ মার্কেটিং অফিসার আরিফ আর হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল মিরপুর স্টেডিয়ামে ইভ্যালির লোগোসহ নতুন জার্সির ফটোশুটে অংশ নিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা।
করোনাকালে সিরিজ বাই সিরিজ পদ্ধতিতে এগিয়ে গেলে আইসিসির এফটিপি চূড়ান্ত হওয়ার পর দীর্ঘমেয়াদে স্পন্সর নেবে বিসিবি।
