ক্রাইস্টচার্চে ডেভন কনওয়ের ৫৯ বলে করা অপরাজিত ৯৯ রানে ভর করে অস্ট্রেলিয়াকে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫৩ রানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
হ্যাগলি ওভাল স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথমে বেশ বিপাকেই পড়েছিল কেন উইলিয়ামসনের দল। চার ওভারের মধ্যে, দলীয় ১৯ রানে উইলিয়ামসনসহ টপ অর্ডারের তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেলে বিপর্যয়ের আভাস পেতে শুরু করে কিউইরা। তখন দলের হাল ধরেন জাতীয় দলের জার্সিতে মাত্র ষষ্ঠ টি-টিয়েন্টি খেলতে নামা কনওয়ে। তিনটি ছয় ও ১০টি চারের মারে সমৃদ্ধ কনওয়ের ৯৯ রানের অপরাজিত ইনিংসটির সুবাদেই ১৮৪ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। দলীয় ১৯ রানে তারা হারায় চার উইকেট। প্রাথমিক বিপর্যয়ের পর মিচেল মার্শ দলের হাল ধরার চেষ্টা করলেও বেশিদূর নিয়ে যেতে পারেননি অজিদের। ইনিংসের ২.৩ ওভার বাকি থাকতেই অলআউট হয় অস্ট্রেলিয়া, মাত্র ১৩১ রান তুলে। ২৮ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন কিউই লেগস্পিনার ইশ সোদি। ৫৩ রানের এই জয়ই এই ফরম্যাটে রানের হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি, ডানেডিনে।
