আন্তর্জাতিক সংস্থা লিড এর প্লাটিনাম সনদপ্রাপ্ত দেশের প্রথম পরিবেশবান্ধব সবুজ নিট কারখানা নারায়ণগঞ্জের প্লামি ফ্যাশনে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক স্যাটেলাইট কর্নার উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার নরসিংপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির কনফারেন্স মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে এ সেবা কার্যক্রম শুরু করা হয়।
এই স্যাটেলাইট কর্নারের মাধ্যমে কারখানার সব নারীশ্রমিককে পরিবার পরিকল্পনা বিষয়ক বিভিন্ন সেবার পাশাপাশি প্রসবপূর্ব, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সব ধরনের চিকিত্সাসেবা বিনা মূল্যে প্রদানের ঘোষণা দেন প্লামি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক। তিনি জানান, নির্ধারিত কল সেন্টারে কল দিলে যে কোনো পরিস্থিতিতে শ্রমিকরা এই স্যাটেলাইট কর্নারের মাধ্যমে ফ্রি চিকিত্সাসেবা পাবেন। বিনা মূল্যে এই চিকিত্সাসেবা কার্যক্রম চালু হওয়ায় কারখানাটির সাড়ে ৮ শতাধিক নারীশ্রমিক আর্থিক সাশ্রয়সহ বিভিন্নভাবে উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের অতিরিক্ত সচিব ও পরিচালক শরিফুল ইসলাম, পরিবার পরিকল্পনা ফিল্ড সার্ভিসেস ডেলিভারি যুগ্মসচিব সারোয়ার বারী, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম বাকাউল, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদ্বীপ চন্দ্র রায়।
