দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাম ভাঙিয়ে প্রতারণায় নেমেছে একাধিক প্রতারক চক্র। এসব চক্র বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ দাবি বা আদায় করছে এমন অসংখ্য অভিযোগ পাচ্ছে কমিশন। গতকাল সোমবার দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে সর্তক করেছেন। এ জাতীয় প্রতারকদের আইনের আওতায় আনতে জনসাধারণকে নিকটস্থ থানা, র্যাব কার্যালয় অথবা দুদকের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুদক অবগত হয়েছে যে, বিভিন্ন নামে কমিশনের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র সরকারি কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, ব্যাংক-বিমায় কর্মরত ব্যক্তিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের কাছে তাদের নামে কমিশনে কল্পিত অভিযোগ রয়েছে অথবা কমিশনের বিবেচনাধীন কোনো অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে টেলিফোনে অথবা মোবাইল ফোনে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করছে।
এ জাতীয় প্রতারকদের আইনের আওতায় আনার লক্ষ্যে এদের বিরুদ্ধে নিকটস্থ থানা অথবা র্যাব কার্যালয় অথবা দুদকের পরিচালক (গোয়েন্দা) মীর মো. জয়নুল আবেদীন শিবলী মোবাইল নং-০১৭১১-৬৪৪৬৭৫ এবং দুদক পরিচালক (জনসংযোগ), প্রণব কুমার ভট্টাচার্য্য, মোবাইল নং-০১৭১৬-৪৬৩২৭৬ এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
