পরিকল্পিত নগরায়ণে সহযোগিতা চাইলেন গাজীপুরের মেয়র

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪২

গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের পরিকল্পিত নগরায়ণ এবং উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনাসভা গতকাল সোমবার সন্ধ্যায় মহানগরীর বাসন তৈজদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোয়েব আল আসাদ মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসি, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুস, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মণ্ডল, মো. মাসুদুর রশিদ সজল, সংরক্ষিত নারী কাউন্সিলর লিপি চৌধুরী মনি, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মো. শরীফুল ইসলাম শরীফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অমর চন্দ্র সরকার প্রমুখ। মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, একটি পরিকল্পিত নগর করতে নগরীর সব নাগরিকের সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসীর সহযোগিতা পেলে দ্রুততম সময়ে গাজীপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত নগর গড়ে তোলা সম্ভব। একটি বাসযোগী পরিষ্কার-পরিচ্ছন্ন ও গ্রিন সিটিতে রূপান্তর করার যে অঙ্গীকার রয়েছে তা দ্রুত বাস্তবায়ন করা হবে।