টিকা বরাদ্দ ও বুথের সংখ্যা বাড়ানোর দাবি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪২

রূপগঞ্জে করোনার টিকা গ্রহণে মানুষের মধ্যে আগ্রহ বেড়েই চলছে। টিকাদানে পার্শ্বপ্রতিক্রিয়া না হওয়ায় টিকা গ্রহণে মানুষের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। পুরুষের পাশাপাশি মহিলা টিকা গ্রহীতার সংখ্যাও কম নয়।

 ৪০ বছর কিংবা তার ঊর্ধ্বে বয়স নির্ধারণ করে দেওয়ায় অনেকেই টিকা গ্রহণ করতে পারছেন না। তাতে হতাশাও বাড়ছে। নিবন্ধনের তালিকা বাড়ায় টিকা গ্রহণের তারিখ পেতে কিছুটা দেরি হচ্ছে। টিকা গ্রহণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চারটি বুথে টিকা দিচ্ছে। রূপগঞ্জে ১১ হাজার মানুষের জন্য টিকার ডোজ বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার ৬ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। নিবন্ধন করেছেন ৯ হাজার মানুষ। প্রতিদিন ৭০০-৮০০ মানুষ টিকা নিচ্ছেন । এ হারে টিকা প্রদান করা হলে আগামী পাঁচ-ছয় দিন পর তা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা ডোজ বরাদ্দ দেওয়া প্রয়োজন বলে দাবি এলাকাবাসীর।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরজাহান আরা খাতুন বলেন, টিকার প্রথম ডোজ গ্রহণের আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ গ্রহণ করলে শরীর অ্যান্টিবডি তৈরি করে। তাতে ৯৫ ভাগ সফলতা আসে। টিকা গ্রহণের পাশাপাশি সকলকেই মাস্ক পরতে হবে। ঘনঘন সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। জনসমাবেশ থেকে বিরত থাকতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে। তবেই করোনার বিরুদ্ধে আমাদের জয় হবে।