খিলগাঁও নন্দীপাড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল এ দুর্ঘটনাটি ঘটে।
মৃতের বড় ভাই জসিম জানান, নন্দীপাড়া মাতবর বাড়ি রোড এলাকায় একটি দোতলা ভবনে স্যানিটারি কাজের জন্য গ্র্যান্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় বৈদ্যুতিক তারের লিকেজ থেকে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তরিকুল। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মৃত তরিকুল পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার মধ্যে চরাইল গ্রামের আবদুল হামিদ আকনের ছেলে। খিলগাঁও ত্রিমোহনী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক মাস বয়সি এক কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। চার ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।
