সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চাবি চুরি হওয়ায় প্রায় চার ঘণ্টা পর ছেড়ে গেছে ঢাকামুখী ট্রেনটি। নির্দিষ্ট সময়ের পরে ট্রেন ছাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকেই এই ট্রেনে গিয়ে ঢাকায় অফিস করার কথা থাকলেও দেরিতে ট্রেন ছাড়ায় তারা অফিস ধরতে পারেননি। এ কারণে অনেক যাত্রীই ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ঘটনায় পাকশী রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আব্দুস সোবাহানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল বিকালেই সিরাজগঞ্জ পৌঁছে তদন্ত শুরু করে দিয়েছে কমিটি।
গতকাল সোমবার দুপুরের দিকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পরিচালক জানান, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাজার স্টেশনেই থাকে। প্রতিদিন সকাল ৬টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রাতে বাজার স্টেশন প্ল্যাটফরমে ট্রেন রেখে গেলে কে বা কারা ইঞ্জিন রুমের জানালা খুলে ট্রেনের রিভারসেল হ্যান্ডেলটি (চাবি) চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে সকাল পৌনে ৮টার দিকে বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে টেনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু পশ্চিম সেতুর জামতৈলে নেওয়া হয়। পরবর্তী সময়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের চাবি দিয়ে সিরাজগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন চালু করা হয়। ৯টা ৪৮ মিনিটে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
