নীলফামারীতে চালককে পা বেঁধে হত্যা করে অটোবাইক ছিনতাই

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫২

নীলফামারীতে একটি অটোবাইকের জন্য প্রাণ গেল আবদুল হালিম নামে এক চালকের। পা বেঁধে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যার পর তাকে গর্তে ফেলে রেখে অটোবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। গত রবিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার চাপড়া সরনজানী ইউনিয়নের নতিব চাপড়া কোরানীপাড়ার আফসার আলীর ছেলে মধ্য বয়সি হতদরিদ্র আবদুল হালিম দিনে মানুষের বাড়িতে কাজ করতেন। সন্ধ্যার পরে অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত রবিবার সন্ধ্যার পরে অটোবাইক নিয়ে বের হওয়ার পরে রাতে আর বাড়ি ফিরেননি। গতকাল সোমবার এলাকাবাসী        গর্তে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নতিব চাপড়া এলাকার আছাদুল হক ও ফজলার রহমান জানান, আবদুল হালিমের চার মেয়ে। এক মেয়ের বিয়ে দিয়েছেন। তিন মেয়ে লেখাপড়া করে। এক মাস আগে ৮০ হাজার টাকা দিয়ে একটি পুরোনো অটোবাইক কিনেছেন। সন্ধ্যার পর থেকে মধ্য রাত পর্যন্ত অটোবাইক চালিয়ে মেয়েদের বিয়ের খরচ জোগাতে বাড়তি আয় করতেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ জানান, অটোবাইকের জন্য তার বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এখনো অটো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ সুপার, পিবিআই সুপার ও সিআইডি সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা হলে খুব দ্রুতই হত্যাকারীকে গ্রেফতার করা সম্ভব হবে।