মমতার বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ মোদির

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:২১

পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি চলছে। দেশভক্তির পরিবর্তে ভোট ব্যাংকের রাজনীতি চলছে। এমনকি পানির প্রকল্পেও দুর্নীতি হয়। সোমবার পশ্চিমবঙ্গের হুগলিতে এক জনসভায় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মা দুর্গার পূজা করলে বাধা দেওয়া হয়, বিসর্জনে বাধা দেওয়া হয়। ভোট ব্যাংকের জন্য নিজের সংস্কৃতিকে বিসর্জন দেওয়া, এই মানুষগুলোকে কেউ ক্ষমা করবে না। আমাদের সরকার এলে আপনারা আপনাদের রীতিনীতি নির্ভয়ে পালন করতে পারবেন। কেউ আপনাদের বাধা দিতে পারবে না।

মোদি আরো বলেন, আমরা এমন এক সোনার বাংলা উপহার দিতে চাই, যেখানে সবার বিকাশ হবে, কারো তুষ্টিকরণ হবে না। এমন সোনার বাংলা, যা চাঁদাবাজি মুক্ত হবে, পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নয়ন হবে। আমরা আসল পরিবর্তন চাই। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ সরকার পরিবর্তন করার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন। ‘আমি নিশ্চিত, আমরা বাংলার কৃষক-শ্রমিক এবং এখানকার যুবকদের উজ্জ্ব্বল ভবিষ্যত্ দিতে পারব। পাশাপাশি তার অভিযোগ, পশ্চিমবঙ্গে শিল্পে বিনিয়োগের পরিস্থিতি রয়েছে। কিন্তু সরকারের মনোভাবের কারণে তা আসছে না। তৃণমূল সরকারের দরিদ্র মানুষ এবং রাজ্যের মহিলাদের কষ্ট নিয়ে কোনো মাথাব্যথা নেই। তার অভিযোগ, আগে অন্য রাজ্য থেকে কলকাতায় লোক কাজের খোঁজে আসতেন। এখন পশ্চিমবঙ্গের মানুষকে কাজের খোঁজে অন্য রাজ্যে যেতে হয়। বিজেপি ক্ষমতায় এলে এর পরিবর্তন হবে। গতকাল তিনি পশ্চিমবঙ্গের জন্য একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করেন।