পুলিশ সদর দপ্তর পরিচালিত ফেসবুক পেজে এক নারীর অভিযোগের ভিত্তিতে তার সাবেক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, গত ৯ ফেব্রুয়ারি এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে জানান, এক ভদ্রমহিলাকে তার প্রাক্তন স্বামী আতিকুল ইসলাম বাবু নানাভাবে হয়রানি করছে। বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে তার স্বাভাবিক জীবন যাপনকে বাধাগ্রস্ত করছেন। ঐ নারী অত্যন্ত শঙ্কিত ও বিপর্যস্ত জীবন যাপন করছেন। এরপর ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ভদ্রমহিলাকে অশ্লীল গালাগাল, হুমকি ও হয়রানির প্রমাণস্বরূপ একটি অডিও টেপ পাঠান। মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং ভদ্র মহিলার সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, প্রশাসন ও সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ রয়েছে এমন ভয় দেখিয়ে তার প্রাক্তন স্বামী দীর্ঘদিন তাকে হয়রানি করে আসছিল। তিনি পুলিশের পরামর্শ ও সহায়তা চান। এর পরিপ্রেক্ষিতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং রমনা থানার ওসিকে এ বিষয়ে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। ওসি রমনা মনিরুল ইসলাম তাত্ক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনতে উদ্যোগ নেন। পরে প্রযুক্তি সেবার প্রয়োজন হওয়ায় ডিএমপির গোয়েন্দা শাখার সহায়তা নেওয়া হয়। ডিবির ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশনের এডিসি মো. আশরাফউল্লাহর নেতৃত্বে একটি টিম ঐ আসামিকে ২১ ফেব্রুয়ারি রমনা থেকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, গ্রেফতারকৃত বাবু একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করে সম্প্রতি দেশে এসেছেন।
