বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিত্সায় সরকার আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ। তার দ্রুত সুচিকিত্সা প্রয়োজন যেটি বাংলাদেশে সম্ভব নয়। প্রয়োজনে সুচিকিত্সার জন্য তার বাইরে যাওয়া দরকার হতে পারে। এই ব্যাপারে সরকারের যে একটি নিষেধাজ্ঞা আছে সেটা দ্রুত প্রত্যাহার করা হোক। বেগম খালেদা জিয়া তার চিকিত্সার প্রয়োজনে যখন যেখানে যেতে চান, তিনি যেন যেতে পারেন—তার এই মৌলিক অধিকার নিশ্চিত করা হোক। সরকারের আরোপিত নিষেধাজ্ঞাটা অমানবিক ও অযৌক্তিক। অসুস্থতার কারণে রাজনৈতিক নেতাদের বাইরে যাওয়ার বহু দৃষ্টান্ত আছে। এমনকি জেলে থাকা অবস্থায়ও বাইরে যাওয়ার দৃষ্টান্ত আছে।
নজরুল ইসলাম খান বলেন, আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করি। কারণ আমরা বিশ্বাস করি, তাকে সাজা-ই দেওয়া হয়েছে অন্যায়ভাবে, বিনা অপরাধে। বেগম খালেদা জিয়ার চেয়েও বেশি দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়েছে। আমরা মনে করি, সরকারকে সবার সরকার হওয়া উচিত এবং সেটা প্রমাণ করার জন্য হলেও অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া প্রয়োজন।
গত শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্তসমূহ তুলে ধরতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। ভার্চুয়াল এই বৈঠকে সিঙ্গাপুরে চিকিত্সাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু যুক্ত ছিলেন।
