এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:১২

তাসফিয়া তাসমিন মিশু

প্রভাষক, বাংলা বিভাগ

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা

 

 

 

 

 

 

বিভীষণের প্রতি মেঘনাদ

 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে শব্দটি গ্রাম থেকে গ্রামান্তরে ক্ষোভ ও ঘৃণা ছড়িয়েছে সেটি হলো ‘রাজাকার’। এদেশে জন্ম নিয়েও যুদ্ধের সময় তারা পাকিস্তানি সেনাবাহিনীদের সহায়তা করেছিল। রাজাকার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিতো এবং বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতন করতো। এমনকি হত্যা করতো।

 

ঘ) উদ্দীপকটি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার মূলভাবের প্রতিনিধিত্ব করে কি?- মতামত দাও।

ঘ) উদ্দীপকটি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার মূলভাবের আংশিক প্রতিনিধিত্ব করে বলে আমি মনে করি।

‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় স্বদেশের সাথে বিভীষণের বিশ্বাসঘাতকতার স্বরূপ ফুটে উঠেছে। পাশাপাশি কবিতাটিতে কবি বীর মেঘনাদের অনুপম দেশাত্মবোধের পরিচয় তুলে ধরেছেন। কাকা বিভীষণের বিশ্বাসঘাতকতার বিপরীতে মেঘনাদের দেশপ্রেম এবং মূল্যবোধই কবিতাটির মূল বিষয়।

উদ্দীপকে ১৯৭১ সালে যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই সব রাজাকারদের কথা বলা হয়েছে। তারা দেশদ্রোহী, বিশ্বাসঘাতক। নিজেদের স্বার্থে তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছে। তাদের সহায়তা নিয়েই হানাদার বাহিনী এদেশে নির্মম হত্যাযজ্ঞ চালায়। এই দেশদ্রোহিতা ও বিশ্বাসঘাতকতার ভূমিকায় উদ্দীপকের রাজাকারদের সাথে বিভীষণের সাদৃশ্য রয়েছে। ’বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় রাবণের ভাই বিভীষণের মধ্যেও দেশদ্রোহীতার প্রতিফলন ঘটেছে। নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ যজ্ঞ করতে গেলে বিভীষণ তাকে হত্যার জন্য শত্রু পক্ষের লক্ষ্মণকে সহযোগিতা করেন। আপনজন ছাড়া মেঘনাদের এই নিরস্ত্র অবস্থানের কথা শত্রুর পক্ষে জানা সম্ভব ছিল না। বিভীষণের এ বিশ্বাসঘাতকতা শুধু মেঘনাদকেই মৃত্যুর মুখে ঠেলে দেয়নি; লঙ্কার পরাজয়কেও ঘনীভূত করেছে। তবে বিভীষণের বিশ্বাসঘাতকতা ছাড়াও এ কবিতার একটি বড় অংশ জুড়ে রয়েছে মেঘনাদের দেশপ্রেম। কবিতাটিতে মেঘনাদ ও বিভীষণের কথোপকথনের মধ্য দিয়ে মেঘনাদের বীরত্ব, নৈতিকতা ও অনুপম দেশাত্মবোধের পরিচয় মেলে। শুধু তাই নয়, আদর্শ ও নৈতিকতার দ্বন্দ্বে কবিতাটিতে দেশাত্মবোধকেই গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্দীপকের ঘটনাবর্তে এসকল বিষয় উল্লিখিত হয়নি।

তাই বলা যায়, ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় কবি বিভীষণের বিশ্বাসঘাতকতা ছাড়াও মেঘনাদের বীরত্ব, সাহসিকতা, দেশপ্রেমসহ আরও নানান বিষয়ের অবতারণা করেছেন। উদ্দীপকে কেবল বিশ্বাসঘাতকতার প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে।

সে বিবেচনায় উদ্দীপকটি আলোচ্য কবিতার মূলভাবকে আংশিক প্রতিফলিত করে, সম্পূর্ণ নয়।