প্রতি বছর বিশ্বে উত্পাদিত সব খাদ্যের আনুমানিক এক-তৃতীয়াংশের অপচয় ঘটে। বিশ্ব জুড়ে প্রতি বছর এই খাদ্যের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন টন। শুধু বাংলাদেশেই কঠিন বর্জ্যের একটা বড় অংশ অপচয় হওয়া খাদ্যবর্জ্য। খাবারের অপচয় সমাজের সব ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলে: বিশ্ব জুড়ে সবার খাদ্যনিরাপত্তার ওপর এর স্পষ্ট প্রভাব রয়েছে—যা অর্থনৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং বিদ্যমান জলবায়ু সংকটকে তীব্র করে তোলে। এমন পটভূমিতে, খাদ্যবর্জ্য হ্রাসের প্রচেষ্টায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারিত্ব করেছে ফুডপান্ডা বাংলাদেশ। এই যৌথ উদ্যোগের অংশ হিসেবে বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা ফুডপান্ডা প্ল্যাটফরমে বাতিল হওয়া অর্ডারের খাবার সংগ্রহ করছেন। এসব খাবার নির্দিষ্ট রাইডার হাব থেকে সংগ্রহ করে সুবিধাবঞ্চিতদের মধ্যে বিতরণ করা হচ্ছে। যার ফলে, বাতিল হওয়া অর্ডারের খাবারের আর অপচয় হবে না। খাদ্যনিরাপত্তা প্রচার ও খাদ্য অপচয় হ্রাস ছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং ফুডপান্ডা বাংলাদেশ—উভয় প্রতিষ্ঠানই সংগৃহীত সব খাবার, সুরক্ষা মান এবং সঠিক প্যাকেজিংয়ের কথা বিবেচনা করে পুনরায় বিতরণে অঙ্গীকারবদ্ধ। —প্রেস বিজ্ঞপ্তি
