স্পোর্টস রিপোর্টার
সাতসকালে কমলাপুর স্টেডিয়ামে ফুটবল প্রতিভায় ভরা দেশের ছোট ছোট মুখগুলোর ভিড়। দূর দূরান্ত থেকে এসে নিজেদের সেরা প্রমাণ করার জন্য মাঠে ভিড় করেছে অনূর্ধ্ব-১৫ বছর বয়সের ফুটবলাররা। বাফুফে বাছাই করছে। জেলা এবং বিভাগীয় বাছাই পর্ব শেষ করে এখন ঢাকায় চূড়ান্ত বাছাই চলছে বয়সের তিন ক্যাটাগরিতে। গতকাল ১৫ বছর বয়সের খেলোয়াড়দের বাছাই হয়েছে। রংপুর হতে ২৯, চট্রগ্রাম হতে ২৬ এবং বরিশাল হতে ১৮ জন ফুটবলার কয়েক দফায় বাছাই হয়ে ঢাকায় চূড়ান্ত পরীক্ষা দিল। কত জন টিকল সেটা কাল বলেনি বাফুফে। তবে চূড়ান্ত করার প্রক্রিয়াটা হয়ে আছে।
চোখে কান্না দেখে বুঝা পায় কে টিকল না। আর মুখে হাসি দেখে বুঝা যায় টিকে গেছে। যারা টিকছে সঙ্গে সঙ্গে একটি ফরম পাচ্ছে, পূরণ নির্দেশ দিচ্ছেন বাফুফের টেকনিকল্যাল ডাইরেক্টর অস্ট্রেলিয়ান পলস্মলী। আর যারা টিকছে না তারা মলিনবদনে বেরিয়ে যাচ্ছে। বাছাই প্রক্রিয়া দেখতে গিয়েছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ছিলেন সাবেক ফুটবলার মো. মহসীন, খন্দকার রকিবুল ইসলাম, গোলাম গাউস, স্বপন, বিপ্লব প্রমুখ।
দেশের বিভিন্ন স্থান হতে এসেছে খুদে খেলোয়াড়রা। দিনাজপুর হতে এসেছে শীতল সেবাস্তিয়ান। ঢাকায় ট্রায়াল দিতে এসে দারুণ খুশি। নীলফামারী হতে এসেছে মেহেদী, আলিফ নূর, চন্দন, অন্তর। অন্তর জানালেন, তিনি প্রিমিয়ার লিগে আরামবাগে নাম লিখিয়েছেন। কিন্তু এখনো মাঠে নামার সুযোগ পাননি। অন্তর সিলেট বিকেএসপির ছাত্র। দশম শ্রেণির শিক্ষার্থী। পাথরঘাটা বরগুনা হতে এলেও মুসা মিয়া জানালেন, তিনি চ্যাম্পিয়নশিপ লিগে উত্তরা ফ্রেন্ডস ক্লাবের রেজিস্ট্রেশন করিয়েছেন। ফেণীর পরশুরাম হতে এসেছে কাজী আজিজুল্লাহ, সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী দারুণ উপভোগ করলেন ট্রায়াল।
রাতে বাসে চড়ে এসে সকালে ট্রায়াল দেওয়া কঠিন হলেও বাফুফের কাছে এর বিকল্প কিছু ছিল না। কারণ সবাই একই পদ্ধতিতে ট্রায়াল দিচ্ছে। এখানে যার প্রতিভা আছে সে টিকবে অন্যদের বিদায় নিতে হবে। স্বল্প সময়ে দুই চোখ ভরে খেলা দেখে পারফরম্যান্স যাচাই করার সুযোগ নেই।
সাবেক ফুটবলার খন্দকার রকিব দারুণ খুশি। তার চোখে দেশের খুদে ফুটবলে প্রতিভার অভাব নেই। বলছিলেন, ‘আমার কাছে মনে হচ্ছে সবাইকে রেখে দেই। কেউ কারো চেয়ে কম না। দেশের তৃণমূলে এই সব প্রতিভা সঠিক পরিচর্যা পেলে ফুটবলের ভবিষ্যত্ আলোকিত হবে। অন্তত চারটি বছর পেলেই এই খুদে ফুটবলাররা আলো ছড়াবে।’ আজ দ্বিতীয় ধাপ এবং আগামীকাল শেষ ধাপের বাছাই হবে।

