নিউজিল্যান্ড গেল বাংলাদেশ দল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩২

সেরাটা দিতে মুখিয়ে সাইফউদ্দিন

স্পোর্টস রিপোর্টার

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে বিপর্যস্ত পারফরম্যান্স, সাকিব আল হাসানের ছুটি ও দেশের আগে আইপিএলকে প্রাধান্য দেওয়ার বিতর্ককে পেছনে ফেলে নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকাল বিকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছেড়েছেন তামিম-মাহমুদউল্লাহরা।

সিঙ্গাপুরে গিয়ে এক ঘণ্টা বিরতি শেষে ক্রাইস্টচার্চের উদ্দেশে রওনা হবে টাইগাররা। সেখানে পৌঁছে কোয়ারেন্টাইনে থাকতে হবে গোটা দলকে। কোয়ারেন্টাইনে থাকাকালীন করোনা পরীক্ষা হবে সবার। কোয়ারেন্টাইন শেষ হলে অনুশীলনে নামবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

নিউজিল্যান্ড সফরটা বরাবরই কঠিন চ্যালেঞ্জ সব দেশের জন্য। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। নিজেদের ইতিহাসে তিন ফরম্যাটে ২৬ ম্যাচ খেলে নিউজিল্যান্ডের মাটিতে কোনো জয় পায়নি বাংলাদেশ। দেশটিতে ৯ টেস্ট, ১৩ ওয়ানডে ও ৪টি টি-২০ তে জয়শূন্য টাইগাররা। সাকিবহীন বাংলাদেশ এবার শুধুই সীমিত ওভারের ম্যাচ খেলবে কিউইদের বিরুদ্ধে। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে বাংলাদেশ দল। কন্ডিশনে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা বড় হয়ে ধরা দিবে তামিমদের সামনে। কারণ সূচি অনুযায়ী সফরের ৬টি ম্যাচ ৬টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলতে হবে বাংলাদেশকে। তাই নিজেদের মাটিতে অপ্রতিরোধ্য কিউইদের সামনে আবারও বড় পরীক্ষা দিতে হবে মাহমুদউল্লাহ-মুশফিকদের।

কন্ডিশন পেসারদের অনুকূলে থাকবে বেশ। বাংলাদেশ তাই দুই ফরম্যাটের জন্য সাত পেসার নিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন মনে করেন, কন্ডিশন যেমনই হোক ভালো করতে হলে লাইন-লেন্থ ঠিক রাখতে হবে। নিউজিল্যান্ডের উদ্দেশে বিমান ধরার আগে গতকাল সাইফউদ্দিন বলেছেন, ‘আপনি যদি ভালো করেন যে কোনো কন্ডিশনে, যে কোনো উইকেটে ভালো করা সম্ভব। আপনি লাইন এবং লেন্থে করতে (বোলিং) না পারেন তাহলে খারাপ হবে স্বাভাবিক। যেটা হবে আমার মৌলিকটা দেওয়ার চেষ্টা করব।’

এ সফরে পেসাররা হবেন বাংলাদেশের বড় ভরসা। মুস্তাফিজ, আল-আমিন, রুবেলদের সঙ্গে দ্রুতগতির পেসার তাসকিন, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম আছেন দলে। একাদশে জায়গা পেতে পেসারদের মধ্যে নিশ্চিতভাবেই তীব্র প্রতিযোগিতা হবে। সাইফউদ্দিন এসব নিয়ে ভাবতে রাজি নন। সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান এ তরুণ অলরাউন্ডার।

পেসারদের প্রতিযোগিতা নিয়ে গতকাল সাইফউদ্দিন বলেছেন, ‘না, এটা নিয়ে আমি ভাবছি না। কন্ডিশনের কারণে যেটা ভালো মনে হবে সেটাই হবে। তবে ইনশা আল্লাহ, আশাবাদী সুযোগ পাওয়া নিয়ে। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ বল হাতে ভালো কিছুর আশা করছেন সাইফউদ্দিন। গত কয়েকদিন মিরপুর স্টেডিয়ামে একাকি অনুশীলন করেছেন তিনি। নিউজিল্যান্ডের কন্ডিশনে দ্রুত মানিয়ে নিয়ে দলের জয়ে অবদান রাখতে মুখিয়ে সাইফউদ্দিন।