থারাঙ্গার অবসর

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৩

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন উপুল থারাঙ্গা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি ওপেনার। তিন ফরম্যাটে ১৫ বছর শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেছেন ৩৬ বছর বয়সি থারাঙ্গা। দেশের হয়ে ৩১ টেস্ট, ২৩৫ ওয়ানডে ও ২৬ টি-২০ খেলেছেন তিনি। শ্রীলঙ্কার জার্সিতে শেষ বার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন থারাঙ্গা ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে। তারপর আর ম্যাচ খেলা হয়নি তার। টেস্টে ৩টি, ওয়ানডেতে ১৫টি সেঞ্চুরি রয়েছে তার। অবসরের ঘোষণা দিয়ে থারাঙ্গা লিখেছেন, ‘আমি বিশ্বাস করি ১৫ বছরের বেশি ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বলার সময় এসেছে। এই সময়টায় দারুণ কিছু স্মৃতি ও দুর্দান্ত বন্ধুদের সঙ্গে এই পথে চলেছি। সব সময় আমার ওপর বিশ্বাস ও আস্থা রাখার জন্য আমি শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতি আমি কৃতজ্ঞ।’