বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৮

সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

হাতিয়া (নোয়াখালী) : উপজেলা পরিষদ চত্বরে হাতিয়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন কিরন, সহসভাপতি ইফতেখার হোসেন তুহিনসহ অন্যান্যরা। বক্তারা হত্যার সঙ্গে জড়িত সব আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

চরফ্যাশন (ভোলা) : চরফ্যাশনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার সাংবাদিকরা। চরফ্যাশন প্রেসক্লাব ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চরফ্যাশন শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্রসহ অনেকে।

মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুর উপজেলায় কর্মরত সাংবাদিকরা মহেশপুর থানার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন। এ সময় মানবাধিকারকর্মী, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা।

রৌমারী (কুড়িগ্রাম) : রৌমারী ও রাজিবপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে সমাবেশ ও মানববন্ধন হয়। উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামছুল আলম, রৌমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক এম এর ফেরদৌস প্রমুখ।

ডিমলা (নীলফামারী) : ডিমলা প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম ও বার্তা বাজার পরিবারের আয়োজনে স্মৃতি অম্লান চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।