যশোরে মাদক মামলার রায়
যশোর অফিস
যশোরে মাদক মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত বৃদ্ধা আজিমন বেগমকে সাত শর্তে বাড়িতেই বসবাসের আদেশ দিয়েছে আদালত। সোমবার যশোরের যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস ভিন্নধর্মী এই রায় দিয়েছেন। সাজার এই মেয়াদে তাকে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসারের নজরদারিতে থাকতে হবে। দণ্ডপ্রাপ্ত পঞ্চাশোর্ধ আজিমন বেগম যশোর সদর উপজেলার পুলেরহাট-কৃষ্ণবাটি গ্রামের মনির শেখের স্ত্রী। শর্তগুলো হলো—সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসারের নজরদারিতে থেকে কোনো প্রকার অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারবেন না, আদালত অথবা আইন প্রয়োগকারী সংস্থা তাকে কখনো তলব করলে শাস্তি ভোগ করবার জন্য প্রস্তুত হয়ে যথাস্থানে হাজির হবেন, কোনো প্রকার মাদক সেবন, বহন, সংরক্ষণ এবং সেবনকারী, বহনকারী ও হেফাজতকারীর সঙ্গে মেলামেশা বা চলাফেরা করতে পারবেন না, এই সময়কালীন প্রবেশন অফিসারের লিখিত অনুমতি ব্যতীত নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না।
আদালতের এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন, সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত কৌশলী আয়ুব খান বাবুল। মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২০ আগস্ট বেনাপোলের ত্রিমোনী হরিমালী গেট নামক স্থান থেকে আজিমন বেগমকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
