রাজশাহীতে সাত জন গ্রেফতার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪০

লাশবাহী গাড়ি সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মহানগরীতে লাশ বহনকারী গাড়ির স্থানীয় চাঁদাবাজ ও দালাল চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার মৃত এক ব্যক্তির স্বজনদের অভিযোগের ভিত্তিতে সোমবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ দিন বিকালে সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজ আব্দুল্লাহ ও রাজনকে আটক করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে লাশবাহী গাড়ির সংঘবদ্ধ চাঁদাবাজ ও দালাল চক্রের সদস্য বাদশা (৪০), এমদাদুল হক (৪০), বিপ্লব (৫০), জাহিদ (২৬) ও জানারুলকে (২৮) গ্রেফতার করে।

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, এ ধরনের অপকর্মের বিরুদ্ধে ভুক্তভোগীরা পুলিশে অভিযোগ করলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।