সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
আগামী ২৮ ফেব্রুয়ারি নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪১টি কেন্দ্রের সব কটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে পাঁচ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ভোটের দুদিন আগে আরো ১০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, পৌরসভা নির্বাচনে সব কটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরই মধ্যে আওয়ামী-জাপা কর্মী ও সমর্থকদের সংঘর্ষের ঘটনায় মামলা হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ।
সহকারী রিটার্নিং ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, পৌর এলাকায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে নিয়োজিত ম্যাজিস্ট্রেটরা ব্যবস্থা নেবেন। পৌরসভায় মোট ভোটার রয়েছে ৯৩ হাজার ৮৯৩ জন। পৌরসভার ১৫টি ওয়ার্ডে মোট ৪১টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ কাজে প্রিজাইডিং অফিসারসহ মোট ৮৩৩ জন দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ভোট গ্রহণের সব প্রস্তুতি এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতি ভোটারদের হাতেকলমে শেখানো হবে।
এদিকে সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন আওয়ামী লীগের রাফিকা আকতার জাহান (নৌকা), বিএনপির আলহাজ মো. রশিদুল হক সরকার (ধানের শীষ), জাতীয় পার্টির আলহাজ সিদ্দিকুল আলম (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. নূরুল হুদা (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রবিউল আউয়াল রবি (মোবাইল ফোন)।
