সন্দেহ পিছে ফেলে চলুন
একসঙ্গে চলি :দোরাইস্বামী
বিশেষ প্রতিনিধি
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেছেন, বাংলাদেশ-ভারত দুই দেশের সম্পর্কযুক্ত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যত্নবান থাকতে হবে। যাতে ভুল, অসত্য কিংবা তথ্যনির্ভর নয়—এমন কিছু দুই দেশের সম্পর্কে অহেতুক বিরূপ প্রভাব না ফেলে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ইন্ডিয়ান মিডিয়া করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ইমক্যাব আয়োজিত ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ-ভারত সম্পর্ক’ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি করোনা টিকা নিয়েও কিছু ভুল, অসত্য সংবাদ আমাদের দেশে এবং ভারতেরও কয়েকটি সংবাদমাধ্যমে পরিবেশিত হয়েছে, যা দুই দেশের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির উপক্রম করেছে, পরে ভারতীয় কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনে তা নিরসন হয়েছে। তথ্যমন্ত্রী তার বক্তৃতায় গভীর কৃতজ্ঞতাভরে মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করেন।
ভারত-বাংলাদেশ সম্পর্ক বিশ্বে প্রতিবেশী সম্পর্কের দিক দিয়ে একটা উদাহরণ হবে বলে আশা প্রকাশ করে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘বঙ্গবন্ধুর সময় থেকেই দুই দেশের সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে। দুই দেশের ক্ষেত্রে যা করতে হবে তা বঙ্গবন্ধু আগেই দেখিয়ে গেছেন, আমাদের নতুন করে কোনো গাইডলাইনের দরকার নেই। দুই দেশের আশা-আকাঙ্ক্ষা এক, কোনো পার্থক্য নেই। জনগণ পর্যায়ে সম্পর্ক বাড়ে—আমাদের সেদিকে নজর দিতে হবে, তাহলে সম্পর্ক টেকসই হবে।’ যা আমাদের জন্য ভালো তা আপনাদের জন্য ভালো, আবার যা আপনাদের জন্য ভালো তা আমাদের জন্য ভালো—এই নীতিতে এগিয়ে যেতে হবে, সন্দেহের কোনো জায়গা নেই, আমাদের অনেক পথ যেতে হবে—উল্লেখ করে এক্ষেত্রে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন দোরাইস্বামী। বাংলাদেশ ও ভারতের নাগরিকের সঙ্গে নাগরিকের সম্পর্কের ওপর জোর দিয়ে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, পরস্পরের সন্দেহ ও সংশয় দূরে রেখে একসঙ্গে চলার মধ্য দিয়ে দুই দেশই সমৃদ্ধির পথে এগোতে পারবে।
ইমক্যাব সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক হারুন হাবীব এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ।
