রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখাঁ এলাকার রপ্তানিমুখী এন জেড টেক্সটাইল মিলে মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ঐ কারখানার কাঁচামাল, তুলা, উত্পাদিত সুতা, কাপড়, পোশাক, মেশিনারিজসহ বিপুল পরিমাণ টাকার মালামাল ভস্মীভূত হয়। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার, আদমজী ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির ঘটনাস্থল পরিদর্শন করেন।
