‘বাক্স্বাধীনতা দেশের গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ’

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

মত প্রকাশের স্বাধীনতা বা বাক্স্বাধীনতা একটি দেশের গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ ও সার্বিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্যই হলো সেখানে মত প্রকাশের অধিকার থাকবে এবং স্বাধীনভাবে সংবাদ প্রকাশের অধিকারও সুনিশ্চিত থাকবে। কোনো মতামতে কারো ব্যক্তিগত অনুভূতিতে আঘাত লাগতে পারে। তিনি সংক্ষুব্ধ হতে পারেন। কিন্তু কারো মনে আঘাত লাগবে বলেই সে সম্পর্কে কেউ কিছু বলতে বা লিখতে পারবে না, তা কোনো গণতান্ত্রিক দেশের সংবিধানে বলা নেই।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে ‘বাক্স্বাধীনতা ও গণমাধ্যম :প্রবণতা ও করণীয়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগবিষয়ক প্রতিষ্ঠান সমষ্টি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক, শিক্ষক, সামাজিক যোগাযোগমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে জানানো হয়, সাংবাদিকদের ওপর চাপ আছে। কখনো সেটা কর্পোরেট, কখনো বিজ্ঞাপন বা প্রভাবশালী মহলের কাছ থেকে এরকম চাপ আসে। কিন্তু এর বাইরেও আরো এক ধরনের চাপ আছে, যেটা অনেক সময় সাংবাদিকদের সেলফ-সেন্সরশিপে বাধ্য করে।

অনুষ্ঠানে সমষ্টি পরিচালিত গবেষণায় তথ্য তুলে ধরে জানানো হয়, সারা দেশের ১০৮টি ঘটনা বিশ্লেষণে দেখা গেছে ২০১৮ ও ২০১৯ সালে পাঁচ জন সাংবাদিককে হত্যা করা হয়। পাশাপাশি ৮৮ জন সাংবাদিক আক্রমণের শিকার হন, ১৮ জন হুমকি পান, ১০ জন নানাভাবে হয়রানির শিকার হন। এছাড়া সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ফোন ভাঙচুর করা হয়। প্রভাবশালী, স্বার্থান্বেষী মহল, রাজনৈতিকভাবে শক্তিশালী ইত্যাদি পক্ষ এ ধরনের হামলাসহ হয়রানিমূলক তত্পরতার সঙ্গে জড়িত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমষ্টির পরিচালক ও চ্যানেল আই-এর সিনিয়র বার্তা সম্পাদক মীর মাসরুর জামান। গবেষণার ফলাফল উপস্থাপন করেন সমষ্টির কর্মসূচি পরিচালক মীর সাহিদুল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রিয়াজ আহমেদ, মাহমুদ মেনন খান, শারমিন রিনভী, শুচি সৈয়দ, মীর মোস্তাফিজুর রহমান, লিটন হায়দার, গোলাম শাহানী প্রমুখ।