গাজীপুর ও ধামরাইয়ে তিন জনের লাশ উদ্ধার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৩

ইত্তেফাক ডেস্ক

গাজীপুর ও ধামরাইয়ে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক জন ব্যাটারিচালিত ইজিবাইকচালক রয়েছেন। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।

গাজীপুর : গাজীপুরে মাটিতে পুঁতে রাখা হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে জিএমপির পূবাইল থানার ওসি নাজমুল হক ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কড়মতলা এলাকায় একটি কেমিক্যাল কারখানাসংলগ্ন সড়কের পাশে মাটির নিচে চাপা দেওয়া এক ব্যক্তির হাত দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। লাল রঙের প্যান্ট এবং কালো ও বেগুনি রঙের গেঞ্জি পরিহিত নিহতের পরিচয় তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার মুখে দাড়ি রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যার পর লাশ সেখানে মাটির নিচে চাপা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা সরকারি আকাশি বনের ভেতর থেকে ব্যাটারিচালিত ইজিবাইকের চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহটি লালমনিরহাট সদর উপজেলার হরিদেব গ্রামের আব্দুস ছালামের ছেলে মতিয়ার রহমানের (২৫)। তিনি শ্রীপুরের আনসার টেপিরবাড়ী গ্রামের হাজি বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া। শ্রীপুর থানার এসআই প্রদীপ কুমার জানান, খবর পেয়ে টেংরা আকাশি বনের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় কাপড়ের রশি পেঁচানো রয়েছে। দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে বাথুলী বাসস্ট্যান্ডে গড়ে ওঠা কেবিসির কয়লার স্টক ইয়ার্ডের পূর্ব দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে গতকাল মঙ্গলবার সকালে মো. আজাদ বিশ্বাস নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে গোলড়া হাইওয়ে পুলিশ। মৃত আজাদ বিশ্বাসের পিতা মো. বাবুল বিশ্বাস বাথুলী বাজারের একজন ব্যবসায়ী। তাদের আদি নিবাস মানিকগঞ্জের হরিরামপুরে হলেও বর্তমানে তারা কিশোরীনগর গ্রামের স্থায়ী বাসিন্দা। নিহত আজাদ কেবিসির একজন তুষ সাপ্লায়ার বলে জানা যায়। গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম আজাদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এটি সড়ক দুর্ঘটনা, নাকি অন্য কোনো ঘটনা সে বিষয় নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।