৩৮তম বিসিএস কর্মকর্তাদের আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার সুযোগ নেই

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৯

পুলিশের কাছে জনগণের প্রত্যাশা বেশি, সমাজের চাহিদা বেশি। জনগণের এ প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলে কর্মকর্তাদের জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের নবীন কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলার জন্য                 নিজেকে প্রস্তুত ও দৃঢ় প্রত্যয় সৃষ্টি করতে হবে।

আইজিপি বলেন, দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বে রোল মডেল। জঙ্গি দমনে জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা পেয়েছি। করোনাকালেও পুলিশ জনগণের অফুরন্ত ভালোবাসা পেয়েছে। আমরা এভাবেই জনগণের সঙ্গে অসদাচরণ করা থেকে বেরিয়ে আসতে চাই। পেশিশক্তি নয়, ব্যবহার করতে হবে আইনি সক্ষমতা।  নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, পুলিশ বাহিনীতে এসে অবৈধ উপায়ে কারো অর্থ উপার্জনের ইচ্ছে থাকলে তারা চাকরি ছেড়ে চলে যান। পুলিশ হতে পারে হ্যামিলনের বাঁশিওয়ালা, সোশ্যাল লিডার। এখানে আত্মতুষ্টি নয়, আমরা অনেক পথ এসেছি, যেতে হবে বহুদূর।

প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে পুলিশপ্রধান বলেন, এক জন দক্ষ পুলিশ কর্মকর্তা হতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। গুরুত্বের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। পাশাপাশি নিজেকে শারীরিকভাবে ফিট রাখতে হবে। প্রসঙ্গত, ৩৮তম বিসিএস(পুলিশ) ব্যাচে ৯৭ জন কর্মকর্তা যোগদান করেছেন। তাদের মধ্যে ৮৫ জন পুরুষ এবং ১২ জন মহিলা কর্মকর্তা রয়েছেন।