মিয়ানমারের আরো দুই জেনারেলের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪০

মিয়ানমারে আরো দুই জেনারেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি মিয়ানমারে সেনাবাহিনীকে দ্রুত বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে। না হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এরই মধ্যে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিকে পশ্চিমাদের নিষেধাজ্ঞার চাপে দুর্বল অর্থনীতিকে শক্তিশালী করার ওপর জোর দিচ্ছেন মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান মিন অং হ্লেইং।  খবর চ্যানেল নিউজ এশিয়া ও রয়টার্সের

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার কারণে দুই জেনারেল যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং এখানে তাদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। দুই জেনারেল হলেন বিমানবাহিনীর প্রধান মং মং কিয়ে এবং লেফটেন্যান্ট জেনারেল মো মিন্ট তুন। তারা দুই জনই ক্ষমতাসীন স্টেটস অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের সদস্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, বার্মায় জনগণের ওপর যারা নির্যাতন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা পিছপা হব না।

অর্থনীতিতে জোর সেনা সরকারের

মিন অং হ্লেইং সোমবার তার মন্ত্রিসভার বৈঠক করেছেন। তিনি পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে অর্থনীতি যাতে সমস্যায় না পড়ে সে জন্য রপ্তানি বাড়াতে নির্দেশ দেন। পাশাপাশি সরকারি ব্যয় কাটছাঁট করার আহ্বান জানান। দেশটিতে সাধারণ ধর্মঘট চলছে। অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীই বিক্ষোভে অংশ নিচ্ছেন। তাদের বেতন কর্তনের হুমকি দেওয়া হলেও তারা আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।