কামারখন্দে বাস- ট্রাক সংঘর্ষে ঝরল পাঁচ প্রাণ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৪

সিরাজগঞ্জের কামারখন্দে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। রংপুরে পৃথক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। শিবগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বান্দরবানে অটোরিকশা থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেপরোয়া বাস কেড়ে নিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম এক তরুণের প্রাণ। এছাড়া গাইবান্ধায় এক বাইসাইকেল আরোহী ও এক ট্রাক্টর চালক, কিশোরগঞ্জের অষ্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র, নোয়াখালীর সেনবাগে বাস-সিএনজি সংঘর্ষে সিএনজি চালক ও রাজশাহীতে যাত্রীবাহী বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

কামারখন্দ (সিরাজগঞ্জ) :কামারখন্দে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। মঙ্গলবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মোকছেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান (৭০), শেরপুর উপজেলার ধীরেন চন্দ্রের ছেলে বিমল (৪৫), বেলকুচি উপজেলার তামাই গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল হান্নানের (৬০)। বাকিদের পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মনজিল হক জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী যুগান্তর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস কোনাবাড়ী এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকা ফেটে গেলে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় ১১ জনকে হাসপাতালে নেওয়ার পথে আরেক বাস যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্টাফ রিপোর্টার, রংপুর :রংপুরের বদরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে প্রথম সড়ক দুর্ঘটনাটি ঘটে বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মধ্যপাড়া সড়কের খাগড়াবন্ধ এলাকায়। মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এরা হলেন, পৌরশহরের জামুবাড়ী ডাক্তারপাড়ার আনোয়ারুল ইসলামের ছেলে লাবু (১৭) ও পকিহানা গ্রামের আজম আলীর ছেলে মাসুম (১৭)। বিকাল ৪টার দিকে বদরগঞ্জ-রংপুর সড়কের পাকারমাথা নামকস্থানে পাওয়ার ট্রিলার চালক নয়ন মিয়া (২৪) নিহত হয়েছে। অপর এক দুর্ঘটনায় নগরীর নিসবেতগঞ্জ শররঞ্জি পল্লির সামনে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম রহমান (৬৫)। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, মোটরসাইকেল আরোহীকে পিষ্ট করা ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণ পাড়া গ্রামের মালেকুজ্জামানের ছেলে আব্দুল হামিদ (২৪) ও একই গ্রামের রাশেদ আলির ছেলে আব্দুর রহিম (২৮)। উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রসিকনগর বাবু মোড়ে গ্রামীণ ব্যাংকের সামনে সোনামসজিদগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা আব্দুল হামিদ ও আব্দুর রহিম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকের চালক ও হেলপারসহ ট্রাকটি আটকে রেখে পরে পুলিশের কাছে হস্তান্তর করে। ট্রাক চালকের নাম মো. ডালিম আলী (৩০) ও হেলপারের নাম কাশেম আলী (২০)।

বান্দরবান প্রতিনিধি :বান্দরবানে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে মারমা সম্প্রদায়ের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম হ্লামেনু মারমা (৫৮)। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত বৃদ্ধাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকরাও তাকে মৃত বলে জানিয়ে দেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ :রূপগঞ্জে বেপরোয়া গতির বাস কেড়ে নিল ইকবাল নামের এক তরুণের প্রাণ। মঙ্গলবার সকালে উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তায় ট্রাফিক বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। ইকবাল নরসিংদী জেলার মাধবদী উপজেলার আলগী এলাকার মৃত ইব্রাহীমের ছেলে।

স্টাফ রিপোর্টার, রাজশাহী :রাজশাহীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক জামানুর রহমান সবুর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত আট জন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিটি বাইপাস সড়কের সিটিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে সবুরের মৃত্যু হয়।