দেশের খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ আর নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। মরহুমের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ গণমাধ্যমকে জানান, ‘বিকালে বাবা হঠাত্ করে শ্বাসকষ্টে ভুগলে আমরা তখনই তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাই। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।’ রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সৈয়দ আবুল মকসুদের দাফন ও জানাজার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সৈয়দ আবুল মকসুদ একাধারে বাংলাদেশের বিশিষ্ট লেখক-গবেষক, জনপ্রিয় কলামিস্ট, পরিবেশ ও সামাজিক আন্দোলনে নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী। তিনি গান্ধীবাদী ছিলেন। সবসময় সাদা কাপড়ে জড়িয়ে রাখতেন নিজেকে। বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে নানা বই ও প্রবন্ধ লিখেছেন। বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন। পাশাপাশি কাব্যচর্চাও করতেন তিনি।
গুণী এই লেখক-গবেষকের মৃত্যুতে শোক জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় পার্টি-জাপা চেয়ারম্যান জি এম কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, নিরাপদ সড়ক চাই-নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
