সারা বিশ্বে করোনায় মারা গেছে প্রায় ২৫ লাখ মানুষ। তার মধ্যে ৫ লাখের বেশি যুক্তরাষ্ট্রে। দুই বিশ্বযুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধ মিলিয়ে যত মানুষ মারা গেছিল, তার চেয়ে বেশি মানুষ যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছে। সোমবার জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। এদিকে দেশটির শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেন, আমরা অনেক দেশের চেয়ে খারাপ পদক্ষেপ নিয়েছি। তাই আমাদের ফলও খারাপ হয়ে ছিল। খবর ডয়চেভেলে ও রয়টার্সের
প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, এই মাইলস্টোন খুবই ভয়ংকর ও হূদয়বিদারক। তিনি বলেছেন, প্রত্যেক মানুষকে একটি সংখ্যা হিসেবে দেখা উচিত নয়। হোয়াইট হাউজে আবেগতাড়িত ভাষণে বাইডেন বলেছেন, জাতি হিসেবে আমরা ভাগ্যের এই নিষ্ঠুরতা মেনে নিতে পারি না। আমি সকলকে অনুরোধ করছি, যারা চলে গেছেন, তাদের স্মরণ করুন। সতর্ক থাকুন, মাস্ক পরুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন এবং টিকা নিন। এই দুঃখের সময়ে একটা আশার আলোও আছে। গত কয়েক সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। ২১ জানুয়ারি থেকে এক সপ্তাহে করোনায় গড়ে মারা গেছিল ৪ হাজার মানুষ। ২১ ফেব্রুয়ারি মারা গেছে ১ হাজার ৮৯০ জন। ৬ কোটি ৪২ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু ওয়াশিংটন ইউনিভার্সিটির মতে, করোনায় মৃত্যু কমেছে ঠিকই, টিকা দেওয়ার কাজও চলছে, তা সত্ত্বেও জুন পর্যন্ত আরো ৯০ হাজার মানুষ মারা যেতে পারে।
