সাত কলেজের পরীক্ষা স্থগিত

নীলক্ষেত ও তিতুমীর কলেজের সামনে অবরোধ, বিক্ষোভ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের সব পরীক্ষা স্থগিতের ঘোষণায় বিক্ষোভ করেছে অধিভুক্ত কলেজ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড় ও তিতুমীর কলেজের সামনের রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এ সময় তারা পরীক্ষা নেওয়ার দাবিতে স্লোগান এবং অবিলম্বে চলমান পরীক্ষা গ্রহণ ও শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার দাবি জানায়। এক ঘণ্টা বিক্ষোভের পর রাত ১০টায় আন্দোলন স্থগিত করেন তারা। এ সময় আজ সকাল ৯টা থেকে ফের আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অধিভুক্ত কলেজগুলোর পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। গত সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা দিলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গতকাল সন্ধ্যায় কলেজের অধ্যক্ষদের সঙ্গে আলোচনা করে অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আন্দোলনরত চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহিনুর সুমী বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক আমাদের পরীক্ষা চলছিল। সকাল ৯টায় আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। আমরাও প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু পরীক্ষার টেবিলে বসে শুনি পরীক্ষা স্থগিত করা হয়েছে। হঠাত্ এ ধরনের ঘোষণায় আমরা বিপাকে পড়েছি। আমাদের অনেকেই পরীক্ষা চলবে এমন ঘোষণায় বাড়ি থেকে ঢাকায় চলে আসে। ঢাকায় আসার পর তাদের বাসা নেওয়া, ফরম ফিল আপ এবং ভর্তি হওয়া পর্যন্ত ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এ ধরনের সিদ্ধান্তে আমরা হতাশ এবং ক্ষতিগ্রস্ত হয়েছি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ও কলেজ অধ্যক্ষদের সঙ্গে আলোচনা করে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।