দাঙ্গাকারীরা যুদ্ধের প্রস্তুতি নিয়েই ক্যাপিটল হিলে এসে ছিল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪৪

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার দিন দাঙ্গাকারীরা যুদ্ধের প্রস্তুতি নিয়েই এসে ছিল। তারা অপরাধী। সিনেটে হামলার আগে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শুরু করেছে সিনেট। সেই শুনানিতে এই কথা বলেছেন ক্যাপিটল হিল পুলিশের সাবেক প্রধান স্টিভেন সান্ড। খবর সিএনএন ও রয়টার্সের

গতকাল শুরুর দিনে সিনেটে শুনানিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো কয়েক জন সাক্ষ্য দেন। সান্ড বলেন, গত ৬ জানুয়ারি নিরাপত্তা বাহিনীর ওপর যে হামলা হয়েছে তা ছিল নজিরবিহীন। নিজের ৩০ বছরের চাকরি জীবনে তিনি কখনো এমন হামলা দেখেননি। সান্ড বলেন, হামলা দেখে মনে হয়েছে, তারা পরিকল্পনা করে এবং সব ধরনের প্রস্তুতি নিয়েই ক্যাপিটলে হামলা চালাতে এসে ছিল। তারা সেখানে দাঙ্গা সৃষ্টি করার পরিকল্পনা করে ছিল। তিনি নিজেই দেখেছেন যে হামলাকারীরা পুলিশকে পাইপ, স্টিক, ব্যাট এবং ধাবত পদার্থ দিয়ে আঘাত করেছে। তাদের রেডিও সিস্টেমও ছিল নিজস্ব। তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েই এসেছিলেন। এই পরিস্থিতি দেখে সান্ড নিজেই অসুস্থ হয়ে পড়েছিলেন বলে সাক্ষ্যে জানিয়েছেন।

প্রতিনিধি পরিষদের সাবেক সার্জেন্ট পল আর্ভিং হামলার আগে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে যে ধরনের তথ্য এসেছে তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ৪ জানুয়ারি ১২৫ ন্যাশনাল গার্ড মোতায়েনের ব্যাপারে স্টিভেন সান্ড ও সিনেট সার্জেন্ট মাইকেল স্টেনজারের সঙ্গে আলোচনা করেছিলাম। কিন্তু গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে সতর্ক করেনি। যদিও সান্ড জানিয়েছেন, তিনি ন্যাশনাল গার্ড মোতায়েনের আবেদন করেছিলেন।