বিনোদন রিপোর্ট
দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন সাদাকালো যুগ থেকে রঙিন যুগ পর্যন্ত পর্দায় বিচরণ করেছেন দাপটের সঙ্গে। রোমান্টিক, অ্যাকশন, সামাজিক প্রেক্ষাপটসহ বিভিন্ন ঘরানার গল্পে কাজ করে আজো দর্শকহূদয় দখল করে আছেন তিনি। নিজের ক্যারিয়ারে যোগ করেছেন ‘বেদের মেয়ে জোসনা’সহ বেশকিছু কালজয়ী চলচ্চিত্র। শক্তিমান এই অভিনেতা আগের মতো নিয়মিত অভিনয় না করলেও মাঝে মাঝেই পর্দায় তার দেখা মেলে। ভালো গল্প বা ভালো কোনো কাজ পেলে আগের মতোই নিজেকে উজার করে দিয়ে অভিনয় করেন। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনটির শুটিং করা হয়েছে। একটি শপিংমলের জন্য নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আসলে আমি তো এখন খুব বেশি কাজ করি না। তবে ভালো কোনো গল্প পেলে সেটা করার চেষ্টা করি। এ কাজটিও তেমনই। এই টিভিসির গল্পটি গল্পটি বেশ চমত্কার। ভাবলাম কাজটি করা যেতেই পারে। বলতে পারেন, বিজ্ঞাপনটির গল্প আমার অনেক পছন্দ হয়েছে বলেই কাজটি করেছি। আশা করছি দর্শকরা বিজ্ঞাপনটি বেশ উপভেগ করবেন।’ শুধু বিজ্ঞাপনটিতে নয়, শিগগিরই এই অভিনেতাকে পর্দায় দেখা যাবে চিত্রনায়িকা রোজিনার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে। এক সময় ইলিয়াস কাঞ্চন চিত্রনায়িকা রোজিনার সঙ্গে জুটি বেঁধে অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। এবার ‘ফিরে দেখা’ শিরোনামের এই ছবিটিতে রোজিনার পরিচালনায় অভিনয় করবেন তিনি। ছবিটিতে ইলিয়াস কাঞ্চন রোজিনার বিপরীতে অভিনয় করবেন। বর্তমানে সেই ছবিটির কাজের প্রস্তুতি চলছে। আগামী ১২ মার্চ থেকে রাজবাড়িতে ছবিটির শুটিং শুরু হবে।

