নাটোরের গুরুদাসপুর থানার বিয়াঘাট ইউনিয়নের অন্তর্গত কুমারখালী গ্রামের উত্তরপাড়ায় রাস্তার দু’ধারে সবুজে ঘেরা প্রায় ৯০০ একরের বিশালাকার মাঠ। যাকে আশ্রয় করে প্রায় তিন হাজার কৃষকের সংসার চলে। যেখানে বর্ষার সময়ে পানি থৈথৈ করে আর অন্য মৌসুমের বিভিন্ন ফসলে কৃষকদের আনন্দের সীমা থাকে না। তাদের কষ্টে উপার্জিত শেষ সম্বলটি আশ্রয় করে আজো তারা বেঁচে আছে। কিন্তু সবুজের সেই চিরচেনা রূপ ও তাদের শেষ সম্বলটি আজ হারিয়ে যেতে বসেছে। কিছু অসাধু ব্যক্তি রাস্তার একপাশে পুকুর খনন করে চিরচেনা রূপটি বিনষ্ট করছে। জলাশয়টি ভরাট করার ফলে অবশিষ্ট জমি সারা বছর জলাবদ্ধ থাকে। দুঃখের বিষয়, কৃষকদের একমাত্র ভরসা রাস্তার অপর অংশের মাঠটিতেও কিছু অসাধু লোক পুকুর খনন করার উদ্যোগ গ্রহণ করেছে। জনসাধারণ এতে বাধা দেওয়া সত্ত্বেও কোনো ইতিবাচক ফল পাচ্ছে না। এতে এলাকাবাসীর ভোগান্তি দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। সুতরাং গ্রামের সাধারণ কৃষকদের ভোগান্তির কথা বিবেচনা করে পুকুর খনন বন্ধে আশু উদ্যোগ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. জাহিদুল হক
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
