খুচরা কয়েন বিড়ম্বনা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৩

আমি কুষ্টিয়া এসেছি প্রায় তিন বছর হলো। প্রথম যখন আসি তখন আমার কাছে একটাকা ও দুইটাকার কিছু কয়েন ছিল। বাজারে এক দোকান থেকে কিছু একটা কিনলাম; দাম হলো পাঁচ টাকা, দোকানদারকে দুই টাকার দুটো কয়েন ও একটা একটাকার কয়েন দিলাম। তিনি বললেন, মামা এ টাকা চলবে না, আমরা এগুলো নেই না। আমি শুনে অবাক হয়ে গেলাম, কুষ্টিয়া, ঝিনাইদহ ও এর আশপাশের এলাকায় একটাকা ও দুইটাকার কয়েন নাকি চলে না, এমনকি ভিক্ষুকে দিলেও নেয় না! অনেক সময় বাজারে খরচ করতে গেলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, কখনো হয়তো দোকানদারকে একটাকা বা দুটাকা বেশি অথবা কম দিতে বা নিতে হচ্ছে। এতে মানুষের ভোগান্তি বাড়ছে। কয়েনের ব্যাপারে কারো ভ্রুক্ষেপ নেই! এ সমস্যা সমাধানে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

হাবিবুল্লাহ হাবিব

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া