বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশনজট এড়াতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সাপ্তাহিক ছুটি দুই দিনের পরিবর্তে একদিন করার পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব এ কথা জানান।
বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় খোলার পর সপ্তাহে শুধু শুক্রবার বন্ধ রেখে বাকি ছয় দিন ক্লাস করানো হবে। এ নিয়ম অন্য বিশ্ববিদ্যালয় না করলেও শিক্ষার্থীরা চাইলে আমরা চালু করব এবং ক্লাসের সময় বাড়িয়ে পাঠ্যসূচি শেষ করে দেওয়া হবে। তিনি আরো বলেন, শিক্ষক স্বল্পতা দূর করতে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়ে পাঁচ মাসের মধ্যে কোর্সগুলো শেষ করতে পারলে সেশনজট কাটানো সহজ হবে।
