নতুন বাকলার ভবনে পরপর দুই দিন অগ্নিকাণ্ড!

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৯

বরিশাল অফিস

বরিশাল নগরীর নতুন বাকলার জুলফিকার আলী ভুট্টোর ভবনে মঙ্গলবার ও বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে ঐ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ৯৯৯ ফোন করে সহযোগিতা চাওয়া হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর বুধবার দুপুর ১২টার দিকে ঐ ভবনে পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট থানাপুলিশকে তদন্ত করার নির্দেশনা দিয়েছেন।

বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার হাসান আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তদন্ত করে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানানো যাবে। পর পর দুই দিন অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে সবকিছু বলা যাবে।