মার্কেন্টাইল ব্যাংকের আরো ২০টি শাখায় ‘ইসলামিক ব্যাংকিং’ সেবার উদ্বোধন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫২

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশব্যাপী আরো ২০টি শাখায় ‘তাক্বওয়া’ নামে শরিয়াহিভত্তিক ইসলামিক ব্যাংকিং সেবার কার্যক্রম শুরু করেছে। গতকাল বুধবার এক অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ২০টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবার উদ্বোধন করেন। শাখাগুলো হলো—চট্টগ্রামের খাতুনগঞ্জ ও বারৈয়ারহাট, নওগাঁ, ঢাকার জয়পাড়া, দারুস সালাম রোড, নওয়াবপুর রোড, আগানগর, আব্দুল্লাপুর এবং কেরানীগঞ্জ, চট্টগ্রাম ইপিজেড, চাঁদপুর, আশুগঞ্জ, নোয়াখালীর সেনবাগ ও সমির মুন্সিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, ভেলানগর, নরসিংদী এবং পটুয়াখালীর কালাইয়া শাখা। এ নিয়ে দেশব্যাপী ৪৫টি শাখায় প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে মার্কেন্টাইল ব্যাংক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মতিউল হাসান। অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ব্যাংকের ডিএমডি জি ডব্লিউ এম মোর্তজা, মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহমেদ ও হাসনে আলম এবং ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মিজানুর রহমান সরকার প্রমুখ।— প্রেস বিজ্ঞপ্তি