ইটভাঙা মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্র নিহত, আহত ৫

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ইটভাঙা মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ শ্রমিক। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে, সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সদর উপজেলার দেউজি গ্রামের রাকিবুল ইসলামের ছেলে ৯ম শ্রেণির ছাত্র মেহেদি (১৫) ও একই গ্রামের শামীমের ছেলে ৮ম শ্রেণির ছাত্র নাঈম (১৪)।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, স্কুল ছুটি থাকার কারণে কয়েক জন ছাত্র ইটভাঙা শ্রমিকের কাজ করছিল। তারা ইটভাঙার মেশিনযোগে কর্মস্থলে যাচ্ছিল। যাবার পথে ডুমুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে ইটভাঙা মেশিনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সাত জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যায় মেহেদী এবং বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাঈমের মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহউদ্দিন ফারুকী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত একজনের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত আরেক জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় পাঠানোর সময় মৃত্যু হওয়াসহ দুজনের মরদেহে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।

ভৈরবে ট্রাকের চাপায় আরএফএলের

এরিয়া ম্যানেজার নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের ভৈরবে কয়লা বোঝাই ট্রাকের চাপায় হোন্ডা আরোহী আরএফএলের এরিয়া ম্যানেজার মাইনুল ইসলাম তুষার (৪৫) নিহত হয়েছে। সে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমত্তয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নাটাল মোড়ের সারা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ট্রাকটি জব্দসহ ট্রাকের হেলপার রাতুল মিয়াকে (১৮) আটক করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।