পার্থ প্রতিম চৌধুরী
চট্টগ্রামের অন্যতম প্রাচীন শিক্ষাপীঠ কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক ও কধুরখীল জলিল আম্বিয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ পার্থ প্রতিম চৌধুরী গত মঙ্গলবার রাতে আমেরিকার নিউজার্সির একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র রেখে গেছেন। তার মৃত্যুতে স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সভাপতি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, উপদেষ্টা তিনকড়ি চক্রবর্তী, সাধারণ সম্পাদক মুস্তফা নঈম, সহ-সভাপতি দীপেন চৌধুরী ও সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল মোমিন গভীর শোক প্রকাশ করেছেন।
ফজলুল করিম মাস্টার
নরসিংদী সদর উপজেলার বিরামপুর গ্রামের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ফজলুল করিম মাস্টার (৯৭) গতকাল বুধবার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাদ জোহর মাধবদী এসপি ইনস্টিটিউট মাঠে নামাজে জানাজা শেষে তাকে বিরামপুর দড়িপাড়া কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী সদরের এমপি লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক, ডাকসুর সাবেক জিএস ও সাবেক এমপি খায়রুল কবির খোকন শোক প্রকাশ করেন।
শাহ আব্দুল হাকিম
রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল হাকিম (৭২) গতকাল বুধবার চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পীরগাছা উপজেলা শাখার সাবেক সভাপতি। পরে ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে তিন বার ছাওলা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তার মৃতু্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
