স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) আয়োজন ও অর্থায়নে টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। জেলার ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রেখেছেন এমন আট ব্যক্তির নামে দলগুলোর নামকরণ করা হয়েছে। যে দলগুলো খেলবে সেগুলো হচ্ছে : শহিদ শামশুল আবেদীন স্মৃতি সংসদ, ইউসুফ গণি চৌধুরী স্মৃতি সংসদ, রাশেদ আজগর চৌধুরী স্মৃতি সংসদ, আবু জাফর স্মৃতি সংসদ, জালাল উদ্দিন আহমেদ স্মৃতি সংসদ, রফিক আহমেদ স্মৃতি সংসদ, আল্লামা মো. ইকবাল স্মৃতি সংসদ ও গ্রাউন্ডস ম্যান আবদুর রশিদ স্মৃতি সংসদ। আট দল খেলবে দুই গ্রুপে বিভক্ত হয়ে। দুই গ্রুপ থেকে চার দলকে নিয়ে সেমিফাইনাল, পরে দুই দল খেলবে ফাইনালে। চার মার্চ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনসহ প্রত্যেক দিন দুইটি করে খেলা হবে। সূচনা ম্যাচে খেলবে আবদুর রশিদ স্মৃতি সংসদ ও আল্লামা মো. ইকবাল স্মৃতি সংসদ। এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
অংশগ্রহণকারী প্রত্যেক দলে রয়েছে ১৬ জন করে খেলোয়াড়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ১২টি স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে খেলা শুরু করা হবে। টুর্নামেন্টের বাজেট ২২ লাখ ৬০ হাজার টাকা। সমুদয় অর্থ প্রদান করা হবে জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার এবং রানার্সআপ দলকে দেওয়া হবে নগদ ৩০ হাজার টাকা। গত মঙ্গলবার সংস্থার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রিকেট কমিটি সম্পাদক আবদুল হান্নান আকবর টুর্নামেন্ট আয়োজনের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, এহসানুল হায়দার চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
