রাজধানীর ডেমরায় শিশু ফারিয়া আক্তার দোলা ও নুসরাত জাহানকে হত্যার ১৫ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার উপপরিদর্শক শাহ আলম দুজনকে আসামি করে এ অভিযোগপত্র আদালতে দাখিল করেন। অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে মোট ৩০ জনকে সাক্ষী করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি রাতে ডেমরার কোনাপাড়ার শাহজালাল রোডের নাসিমা ভিলার নিচতলার একটি কক্ষ থেকে শিশু ফারিয়া আক্তার দোলা ও নুসরাত জাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন সন্ধ্যায় নিহত নুসরাত জাহানের বাবা পলাশ হাওলাদার বাদী হয়ে ডেমরা থানায় একটি হত্যা মামলা করেন। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পরে দুই আসামি অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আরো পড়ুন: প্রতিদিন গড়ে ১৬টি মিথ্যা বলেছেন ট্রাম্প!
এর আগে লিপস্টিক দিয়ে সাজিয়ে দেওয়ার প্রলোভন দিয়ে নুসরাত ও দোলাকে ঘরে ডেকে নেন আসামি গোলাম মোস্তফা। তার সঙ্গে ছিলেন আরেক আসামি মামাতো ভাই আজিজুল। প্রথমে শিশু দুটিকে নিজের স্ত্রীর লিপস্টিক দিয়ে সাজিয়ে দেন মোস্তফা। পরে তারা দুই ভাই মিলে ইয়াবা সেবন করে শিশু দুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুরা চিৎকার শুরু করে।
একপর্যায়ে ধর্ষণে ব্যর্থ হয়ে ফারিয়াকে গলাটিপে হত্যা করেন আজিজুল। আর নুসরাতকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন মোস্তফা। মোস্তফা সিরামিকের কারখানায় ও আজিজুল একটি বেকারিতে কাজ করতেন।
ইত্তেফাক/জেডএইচ
