টিকা নিলেন শেখ রেহানা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা করোনার টিকা গ্রহণ করেছেন। গতকাল বুধবার সকালে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি টিকা নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন। আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ রেহানার টিকা নেওয়ার সময়ের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। অনেকেই ছবিটি শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন। ফলে ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান। টিকা নিয়ে অনেকেই সেই ছবি ফেইসবুকে শেয়ার করছেন, দ্রুত টিকা আনার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানাচ্ছেন। করোনা ভাইরাসের টিকা নিলেও সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক পরার এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত, গত সোমবার রাত সোয়া ১২টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকার আরো ২০ লাখ ডোজ। এ নিয়ে ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকার ৯০ লাখ ডোজ বাংলাদেশে এসেছে।