রাজধানীতে নির্মাণাধীন ভবনে রং করতে গিয়ে পড়ে এক জন রংমিস্ত্রি মারা গেছেন। তার নাম মিজানুর রহমান (৫০)। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ডেমরা থানার উত্তর শানার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। মিজানুর কুমিল্লা জেলার মুরাদনগরের রোয়াচালা গ্রামের মৃত মোনাব মিয়ার ছেলে।
নিহতের চাচাতো ভাই দুলাল জানান, মিজানুর প্রতিদিনের মতো গতকাল বুধবারও কাজে যান। পরে তারা খবর পান মিজানুর ভবন থেকে পড়ে গেছেন। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে জানতে পারেন মারা গেছেন। এ ঘটনায় তিনি ভবন মালিকের শাস্তি দাবি করেন।
নিহতের বড় বোন মালেক খাতুন জানান, তারা দুই বোন ও এক ভাই। সবার ছোট মিজানুর ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি পথে বসবে বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ডেমরা থেকে নির্মাণাধীণ ভবনের ঠিকাদার শহীদুল নামে একজন তাকে নিয়ে এসেছিল। তবে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
