পাঁচ বছরের বিবাহিত জীবনে গৃহকর্মের মজুরি হিসেবে স্ত্রীকে ৫০ হাজার ইউয়ান (৬ লাখ ৫৪ হাজার টাকা) ক্ষতিপূরণ দিতে স্বামীকে নির্দেশ দিয়েছে চীনের একটি আদালত। বিবাহ বিচ্ছেদের এক মামলায় বেইজিংয়ের এক আদালতের এই রায়কে যুগান্তকারী হিসাবে বর্ণনা করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়েছে, বিশ্বের বহু দেশের মতো চীনেও গৃহকর্ম এবং সন্তান লালনপালনে নারীকেই একচেটিয়া চাপ নিতে হয়। সে কারণে আদালতের এই রায়ের পর চীনের সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। অনেকেই মন্তব্য করছেন, এই ক্ষতিপূরণের পরিমাণ অনেক কম।
আদালতের নথিপত্র থেকে জানা গেছে, পাঁচ বছর দাম্পত্য জীবনযাপনের পর চেন নামে ঐ ব্যক্তি গত বছর বিবাহ বিচ্ছেদের মামলা করেন। ওয়াং নামের ঐ নারী প্রথমে বিবাহ বিচ্ছেদে আপত্তি করলেও পরে মেনে নেন, কিন্তু পাঁচ বছরের গৃহকর্ম এবং একমাত্র ছেলের লালনপালনের জন্য স্বামীর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেন। ওয়াং আদালতে বলেন, তার স্বামী এসব কাজে তেমন কোনো সাহায্যই করেননি। আদালত ঐ নারীর দাবি মেনে নেন এবং প্রতি মাসে ২ হাজার ইউয়ান খোরপোষ ছাড়াও গত পাঁচ বছরের গৃহকর্ম এবং সন্তানের দেখাশোনার মজুরি হিসেবে এককালীন ৫০ হাজার ইউয়ান ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্বামীকে নির্দেশ দেয়। ঐ আদালতের বিচারক সোমবার সাংবাদিকদের বলেন, বিবাহ বিচ্ছেদ হলে স্থাবর সম্পত্তি আধাআধি ভাগ হয়। কিন্তু তিনি বলেন, গৃহকর্মেরও একটি মূল্য রয়েছে।
চীনে এ বছর নতুন এক পারিবারিক আইন জারির পর আদালত এই রায় দিল। নতুন এই আইনে বলা হয়েছে, দাম্পত্য জীবনে যিনি সন্তান পালন বা বয়স্কদের দেখাশোনার জন্য অধিকতর দায়িত্ব পালন করবেন, বিবাহ বিচ্ছেদের সময় তিনি সেসব কাজের ক্ষতিপূরণ পাবেন। এমনকি বিবাহিত জীবনে স্বামীর ব্যবসা বা অন্য কোনো আয়ে তার ভূমিকা থাকলে তার ক্ষতিপূরণও তিনি পাবেন।
