জাপা পরগাছা থাকবে না, লাঠি গুলির সামনে দাঁড়াতে প্রস্তুত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৭

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাপা রাজনীতির মাঠে পরগাছা হয়ে থাকবে না। রাজনীতিতে পরগাছা বা শেকড়হীন দলকে মানুষ ঘৃণা করে। এখন রাজনীতির মতো রাজনীতি করবে জাপা। কোনো ভয়ভীতির কাছে জাপা মাথা নত করবে না। দেশ ও মানুষের কথা বলতে যদি অত্যাচার ও নির্যাতন সইতে হয়, সেজন্য দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে লাঠি ও গুলির সামনে সাহস নিয়ে দাঁড়াতে জাপা প্রস্তুত। গতকাল বুধবার তার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে বনানীতে নিজ কার্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, অস্তিত্বহীন রাজনৈতিক দল হিসেবে জাপা কখনোই বিলীন হবে না। নিজস্ব রাজনীতি নিয়ে জাপা সামনে এগিয়ে যাবে। এখন দেশ ও জনগণের স্বার্থে জাপা কথা বলবে। নির্যাতন এলে তা মোকাবিলার জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। অস্তিত্বহীন বা শেকড়হীন রাজনৈতিক দলকে কোনো দলই মূল্যায়ন করবে না। ঘরে বসে হাতি-ঘোড়া মারার দিন শেষ। অনুষ্ঠানে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ভাষার মাসে মানুষের কথা বলার অধিকার নেই। সব রক্তচক্ষু উপেক্ষা করে জাপা গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এগিয়ে যাবে।

বক্তব্য দেওয়ার আগে দলের নেতাদের নিয়ে কেক কাটেন জি এম কাদের। জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদেরের তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম প্রমুখ। পুরো অনুষ্ঠান তত্ত্বাবধান করেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ।

এ দিকে, জন্মদিন উপলক্ষ্যে গতকাল কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ জাপা আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জি এম কাদের। এছাড়া গতকাল সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর জাপার উদ্যোগে মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটিসংলগ্ন গৌধলী প্রশান্তি মিলনায়তনে পিঠা উত্সব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।