কবরস্থানের ২০০ কফিন ভেসে গেলো সাগরে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:২১

পাহাড়ের খাঁজে ছিল শত বছরের পুরোনো কবরস্থান। সম্প্রতি ধস নামে সেখানে। যার জেরে কবরস্থানের প্রায় ২০০ কফিন সাগরের পানিতে  ভেসে গেছে। সোমবার ইতালির জেনোয়ায় ঘটেছে এই ঘটনা। 

খবরে বলা হয়েছে, জেনোয়ার ক্যামোগলি শহরের ওই কবরস্থানটি ১০০ বছরেরও বেশি পুরোনো। সাগরের ধারে ধারে থাকা পাহাড়ের খাঁজে ছিল সেটি। সম্প্রতি ওই উপকূলে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন শ্রমিকরা।

শনিবার তারা প্রথম পাহাড়ের খাঁজে ফাটল দেখতে পান। এরপর সেই কাজ বন্ধ ছিল। সোমবার হঠাৎই ধস নামে সেখানে। ফলে কবরস্থানে থাকা কফিনগুলো পাহাড়ের খাঁজ থেকে সাগরে পরে এবং অধিকাংশ কফিনই ভেসে যায় পানিতে। 

ক্যামোগলির মেয়র ফ্রান্সেসকো অলিভারি জানিয়েছেন, কবরস্থান থেকে প্রায় ২০০টি কফিন পড়েছে সমুদ্রে। তার মধ্যে উদ্ধার করা গেছে মাত্র ১০টি। 

এই ঘটনাকে ‘অকল্পনীয় বিপর্যয়’ বলেও উল্লেখ করেছেন তিনি।

ইত্তেফাক/এসআর